https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট চালুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই ২০২৬। প্রক্রিয়াগত জটিলতা এবং জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর (জেসিএবি) নিরাপত্তা নিরীক্ষার কারণে পূর্বের ঘোষণা অনুযায়ী ৩০ জুনে ফ্লাইট চালু করা সম্ভব হয়নি।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হবে। পরে যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
তিনি জানান, আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা বিমানের ওয়েবসাইটসহ সব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন, যাদের যাতায়াত সহজ করতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এটি লাভজনক ও টেকসই হবে বলে সরকার আশা করছে।