ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

টিকিট সিন্ডিকেট ও অস্বাভাবিক ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
টিকিট সিন্ডিকেট ও অস্বাভাবিক ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বিমানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় কিংবা সিন্ডিকেটের সঙ্গে জড়িত কোনো ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া নির্ধারণে আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘ডাইনামিক প্রাইসিং’ বা ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ অনুসরণ করা হয়। যাত্রী চাহিদা, ভ্রমণের সময়, আসন প্রাপ্যতা, মৌসুম, জ্বালানি মূল্য, পরিচালন ব্যয় এবং অগ্রিম বুকিংসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ভাড়া ওঠানামা করে।

তিনি জানান, অধিক চাহিদার সময়ে টিকিটের দাম বাড়ে, আবার কম চাহিদার সময়ে ভাড়া তুলনামূলকভাবে কম থাকে। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে দেশের সাধারণ যাত্রীদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।

আফরোজা খানম বলেন, বিমান টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনা, অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি রোধ এবং যাত্রীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া টিকিট সিন্ডিকেট ও প্রতারণা প্রতিরোধে প্রতিটি টিকিটে মূল্য, এজেন্সির নাম এবং লাইসেন্স নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এজেন্সি অতিরিক্ত মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, বিমান টিকিটের মূল্য যাতে যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যে মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিত এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় ও আলোচনা চালিয়ে যাচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930