https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। পাইলট একাধিকবার গিয়ার প্রত্যাহারের চেষ্টা করলেও তা স্বাভাবিকভাবে কাজ করেনি।
পরিস্থিতি মূল্যায়ন করে পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। অবতরণের আগে প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানটি নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিমানের ভেতরে কিছু সময় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, বিশেষ করে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে।
তিনি আরও বলেন, ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে পাইলটকে নিরাপদ অবতরণের প্রস্তুতির জন্য আকাশে কিছু সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে।
এ ঘটনার পর বেসরকারি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোরভাবে নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তার মতে, যাত্রীবাহী বিমানের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই এবং নিয়মিত ও কার্যকর কারিগরি পরীক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।