ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

জাল ভিসা শনাক্তের পর শাহজালাল বিমানবন্দর থেকে উধাও ৭১ মালয়েশিয়াগামী যাত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
জাল ভিসা শনাক্তের পর শাহজালাল বিমানবন্দর থেকে উধাও ৭১ মালয়েশিয়াগামী যাত্রী

ছবি: -সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটের ৭১ যাত্রী বোর্ডিং পাস সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও উড়োজাহাজে আরোহন না করেই বিমানবন্দর ত্যাগ করেছেন। এর আগে একই ফ্লাইটের আরও পাঁচ যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাদের অফলোড করা হয়।

শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি নির্ধারিত সময়ে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, মোট ৭৬ জন যাত্রী নির্ধারিত ফ্লাইটে ভ্রমণ করতে পারেননি। বোর্ডিং গেটে পাঁচ যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পরপরই একই ফ্লাইটের আরও ৭১ যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন এবং শেষ পর্যন্ত কেউই উড়োজাহাজে আরোহন করেননি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চেক-ইনের সময় যাত্রীদের ই-ভিসা যথাযথভাবে যাচাই না করেই বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। পরবর্তীতে বোর্ডিং গেটে পাঁচজনের ই-ভিসা জাল বলে শনাক্ত হয়। যদিও তারা এর আগেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশযাত্রার অনুমতি পেয়েছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায়, তাদের ভিসা নিয়ে জটিলতা রয়েছে। এর কিছু সময়ের মধ্যেই বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পাঁচ যাত্রীকে অফলোড করে।

ঘটনার পর ভিসা যাচাই, চেক-ইন প্রক্রিয়া এবং বিমানবন্দর ত্যাগকারী যাত্রীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930