ঢাকা
২৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে চলতি মাসে চালু হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
মিরসরাইয়ে চলতি মাসে চালু হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মাসে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট কার্যক্রম শুরু হচ্ছে। দ্রুত সম্প্রসারণশীল এই শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা, শ্রমিক নিরাপত্তা এবং শিল্প প্রতিষ্ঠানের সুরক্ষা জোরদার করতেই ইউনিটটি চালু করা হচ্ছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গাজী জসিম উদ্দিন জানান, নতুন ইউনিটের জন্য সরকার ১৬০ জন পুলিশ সদস্য অনুমোদন দিয়েছে। যদিও কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য আরও বেশি জনবলের প্রয়োজন ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিক সুরক্ষা এবং শিল্প নিরাপত্তা জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই ইউনিট চালু করা হচ্ছে।

২০১০ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, শ্রমিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদনবান্ধব পরিবেশ বজায় রাখাই এ বাহিনীর প্রধান দায়িত্ব। বিশেষ করে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে বাহিনীটি গঠন করা হয় এবং এটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিধিমালা-২০১৭ অনুযায়ী পরিচালিত হয়। বাসস