https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকায় এখনও সরকারি ত্রাণ পৌঁছাতে না পারায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ফারুয়া ও উলুছড়ি এলাকার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। বৃহস্পতিবার পানি কিছুটা কমলেও শুক্রবার রাতের ভারী বৃষ্টিতে পরিস্থিতির আবারও অবনতি ঘটে। শনিবার সকালে উলুছড়ি গ্রামের বাজার, বসতঘর এবং নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আবারও পানির নিচে চলে যায়।
বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আশপাশের স্কুল ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। তবে দুর্গম ভৌগোলিক অবস্থান এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় ক্ষতিগ্রস্তদের কাছে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।