https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাস সফলভাবে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাতভর অভিযান শেষে জাহাজটিকে নিরাপদে ‘বি’ (ব্রাভো) অ্যাঙ্করেজে নোঙর করানো হয়। এ সময় বন্দর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক ছিল।
মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩ আগস্ট) দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় ১৭০ মিটার দীর্ঘ মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজটির স্টিয়ারিং বিকল হয়ে যায়। এতে এটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদীর মোহনার রিটেইনিং ওয়ালে আটকে পড়ে।
চীনের শিকৌ বন্দর থেকে আসা জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস কন্টেইনার ছিল। জাহাজে শিপ মাস্টারসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। এর স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।
ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের একাধিক টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও টানেল কর্তৃপক্ষের টাগবোটও অভিযানে অংশ নেয়। চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা সরাসরি উদ্ধারকাজে যুক্ত ছিলেন।
রাতভর চলা সমন্বিত অভিযানের পর গভীর রাতে জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে ব্রাভো অ্যাঙ্করেজে নিয়ে যাওয়া হয়। পুরো অভিযানজুড়ে বন্দর চ্যানেল সচল ছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। তাই দ্রুত জাহাজটি উদ্ধার করায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জাতীয় বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।