https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং বাংলাদেশ-আইওএমের চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের জাতিসংঘ হাউজে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের বিদ্যমান অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গত দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও শক্তিশালী হবে।
তিনি মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ। লোভ, অজ্ঞতা ও অসচেতনতার সুযোগ নিয়ে অপরাধীরা মানুষকে পাচার করে। এ অপরাধ দমনে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচারকারী চক্র সম্পর্কে আইওএমের কাছে তথ্য রয়েছে কি না জানতে চাইলে উগোচি ড্যানিয়েলস জানান, পাচারকারী চক্র শনাক্তে আইওএম সহায়তা করতে পারে। মানব পাচারের প্রবণতা বিষয়ে আইওএম ও ইন্টারপোলের কাছে থাকা তথ্য প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভাগাভাগি করা হয়।
আইওএমের উপমহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে আইওএম প্রস্তুত। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি এ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।