যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক দিন আগে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যে এটি দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, মঙ্গলবার সকালে পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে সমুদ্রে গিয়ে পড়ে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বৃহৎ সামরিক মহড়া শুরু হওয়ার কথা। পিয়ংইয়ং এসব যৌথ মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে এবং এর প্রতিবাদে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে।

দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার যেকোনো উসকানি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে।