https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশের ওয়েব সিরিজে নতুন ধারার সূচনা করা ‘মহানগর’ এবার ফিরছে তৃতীয় সিজন নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর ‘মহানগর ৩’ নির্মাণের সুখবর দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনেই ভক্তদের জন্য এই ঘোষণা দিয়েছেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় ‘মহানগর’-এর প্রথম সিজন। গল্প, চিত্রনাট্য, নির্মাণশৈলী এবং অভিনয়ের কারণে অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিরিজটি। শুধু বাংলাদেশ নয়, ভারতেও আলোচনায় আসে মোশাররফ করিম অভিনীত এই সিরিজ।
এরপর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। সিজনের শেষদিকে এমনভাবে গল্প এগিয়ে নেওয়া হয়, যাতে তৃতীয় কিস্তির সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এরপর কেটে গেছে প্রায় তিন বছর। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণের প্রতিটি পোস্টেই ‘মহানগর ৩’ নিয়ে প্রশ্ন করেছেন ভক্তরা।
এর আগে একবার সিরিজটির নতুন সিজনের কাজ শুরুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, বাজেটসংক্রান্ত জটিলতার কারণে হইচই বাংলাদেশ সিরিজটির কাজ এগিয়ে নিতে পারছে না। ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ‘মহানগর ৩’-এর ভবিষ্যৎ।
তবে এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। ২৬ আগস্ট নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে নিজের জন্মদিনের কথা জানানোর পাশাপাশি নতুন একটি কাজের চিত্রনাট্য নিয়ে ব্যস্ত থাকার কথাও বলেন তিনি।
ভিডিওতে নিপুণ বলেন, ‘এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ এরপর ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক নিজের কণ্ঠে গেয়ে শোনান তিনি। এতেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যায়, অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মহানগর ৩’-এর কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা।
তবে নতুন সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানাননি আশফাক নিপুণ।
‘মহানগর’-এর সবচেয়ে আলোচিত চরিত্র ওসি হারুন। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাকে ওসি হারুন চরিত্রেই দেখা যাবে বলে জানা গেছে।
এদিকে ‘মহানগর ৩’-এ বিশেষ চমক হিসেবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে তার অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।