নেপালের সোলুখুম্বু জেলায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে হেলিপ্যাডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে দুর্ঘটনার সময় দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেলের পরিচয় জানা গেছে। নেপালে বসবাসকারী তামাং সম্প্রদায়ের সূত্র জানায়, প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে।
দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরও কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সময় ফিশটেইল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি। অন্যদিকে এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, অবতরণের শেষ মুহূর্তে হেলিকপ্টার দুটি বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। এ সময় হেলিকপ্টার দুটির দ্রুত ঘূর্ণায়মান রোটর ব্লেড পরস্পরের সঙ্গে সজোরে আঘাত করে।
এ ঘটনায় এখন পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আহতদের চিকিৎসা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

মন্তব্য করুন