https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং পুলিশ বাহিনীকে ‘ডিমোরালাইজড’ করার চেষ্টা চলছে।
সোমবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন দায়িত্ব পাওয়ার পরই তাকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কর্মী পরিচয় দেওয়া কিছু ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি ও তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অতীতে কোনো পুলিশ সদস্য গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু আগের সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয়।
পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, এসব প্রচারণার উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, পুরো পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে বাধা সৃষ্টি করা।
এ পরিস্থিতিতে মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো এবং পেশাদার কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।