কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এআই প্রযুক্তির অপব্যবহারের কারণে সাম্প্রতিক সময়ে তারকাদের ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এর আগে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর সিংসহ অনেক তারকাই এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠিসহ আরও অনেকে।
এবার একই ইস্যুতে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এটিকে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে দেখুন। দয়া করে এই ধরনের কুরুচিকর কাজ বন্ধ করুন। এরপরও কেউ যদি আমার পরিচয়ের অপব্যবহার করে এ ধরনের ছবি বা ভিডিও তৈরি ও প্রচার করে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি।”
অভিনেত্রীর এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, বর্তমানে পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমা ‘রাকা’-র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।