https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি তাকে ‘পকেটমারের মতো’ বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি একটি পোস্ট পুনরায় শেয়ার করে কঙ্গনা দাবি করেন, এক অভিনেত্রী আন্দোলন নিয়ে সরব হলেও অন্য একটি আন্দোলনের সময় নীরব ছিলেন। ওই পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, নিজের সম্পর্কেও নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে তিনি লক্ষ্য করেছেন, এক অভিনেত্রী এমন পোশাক পরেন এবং এমনভাবে কথা বলেন, যেন তিনি একজন পকেটমার। আন্দোলনকারীদের সমর্থন করতে গিয়ে তিনি ‘পকেটমারের ভাষা’ ব্যবহার করছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা।
এরপর আরেক পোস্টে কঙ্গনা লেখেন, একজন মানুষের পোশাক ও ব্যক্তিত্ব একে অপরের সঙ্গে সম্পর্কিত। ওই অভিনেত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আগে তিনি পরিপাটি পোশাক পরতেন ও মার্জিতভাবে কথা বলতেন, কিন্তু এখন তার মধ্যে পরিবর্তন এসেছে। প্রয়োজনে তাকে সাহায্য করতেও প্রস্তুত বলে জানান কঙ্গনা।
একটি ভিডিও বার্তায় কঙ্গনা দাবি করেন, কিছু সহ-অভিনেত্রী দীর্ঘদিন ধর্ম ও রাজনীতি নিয়ে নিরপেক্ষ থাকলেও বিয়ের পর হঠাৎ কট্টর বামপন্থী হয়ে গেছেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি নিজেও সময়ের সঙ্গে বদলেছেন এবং এখন কট্টর হিন্দু হিসেবে পরিচিত হতে আপত্তি নেই।
যদিও কঙ্গনা কোথাও কারও নাম উল্লেখ করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তার এই মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে উদ্দেশ করে করা। কারণ, সাম্প্রতিক আন্দোলনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেওয়া বলিউড তারকাদের মধ্যে সোনাক্ষী অন্যতম এবং তার কয়েকটি ভিডিওতে শর্টস ও ক্যাপ পরা দেখা গেছে।
এর আগেও শিক্ষার্থী আন্দোলন নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। সম্প্রতি তিনি জেন-জি প্রজন্মের মেয়েদের নিয়ে মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন। তার বক্তব্যের বিরোধিতা করেন গায়ক বিশাল দাদলানি ও অভিনেতা সোনু সুদসহ অনেক তারকা।
সমালোচনার জবাবে কঙ্গনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমার দৃশ্য ও পুরোনো ফটোশুটের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তুলনা করা হচ্ছে। তিনি দাবি করেন, চলচ্চিত্রের চরিত্র ও বাস্তব জীবনের আচরণ এক নয় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।