ব্যবসায়িক পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো নারায়ণগঞ্জ বন্দরের ৭২ বছর বয়সী বৃদ্ধা মাকসুদা বেগমের জন্য। পাওনাদারের হামলায় মর্মান্তিক প্রাণ হারিয়েছেন তিনি। গত সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার মাহামুদপুর গ্রামে বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে সংঘাতের একপর্যায়ে এ নির্মম ঘটনাটি ঘটে। নিহত মাকসুদা ওই গ্রামের প্রয়াত নাজির সরদারের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় এক যুবক সাদ্দামের কাছে ২ ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই সূত্রে সাদ্দামের কাছে জজ মিয়ার বকেয়া জমে প্রায় ১০ লাখ টাকা। দীর্ঘদিনের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার রাতে মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সাথে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া।
তবে টাকা দেওয়া তো দূরের কথা, কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম ও তার পক্ষের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা। মুহূর্তের মধ্যেই সেই বাকবিতণ্ডা রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। দু’পক্ষই দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হলে হামলায় গুরুতর রক্তাক্ত হন বৃদ্ধা মাকসুদা ও তার ছেলে রাসেল। সংঘাতের সময় প্রতিপক্ষের সাদ্দামও জখম হয়।
পরে সংজ্ঞাহীন অবস্থায় দু’জনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ছেলে রাসেলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বজনদের অভিযোগ, টাকা না দেওয়ার মতলবে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, “বকেয়া টাকা নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন