https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় নেওয়ার সময় গোপালগঞ্জে র্যাবের হাতে আটক হয়েছেন এক মাদক কারবারি। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র্যাব-৬ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফ থেকে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় যাচ্ছিলেন। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হয়।
চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে বেরিয়ে আসে ইয়াবার চালান। উপস্থিত সাক্ষীদের সামনে ২ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করে র্যাব।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তিনি বলেন, অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা হলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে।
আটক ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।