https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পরিত্যক্ত ও পচা সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব প্রযুক্তি উদ্ভাবন করে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাজ্জাদুল ইসলাম তার উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তি সরাসরি উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তার গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উদ্ভাবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান।
সাজ্জাদুল জানান, প্রতিদিন বিপুল পরিমাণ পচা ও অব্যবহৃত সবজি বর্জ্যে পরিণত হয়। সেই বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাত করে তিনি এমন একটি পলিথিন তৈরি করেছেন, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটিতে মিশে যায় এবং পরিবেশ দূষণ করে না। এছাড়া কলাগাছের তন্তু থেকে তৈরি করেছেন টেকসই ঢেউটিন, নির্মাণসামগ্রী, টাইলস ও বিভিন্ন ধরনের বোর্ড, যা প্রচলিত উপকরণের তুলনায় অধিক পরিবেশবান্ধব ও কম খরচে উৎপাদনযোগ্য।
উদ্ভাবনগুলো পরিদর্শনের পর প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের মেধা ও সৃজনশীলতা বাংলাদেশের উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের এমন উদ্যোগ জাতীয় অর্থনীতি ও শিল্পখাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি সাজ্জাদুল ইসলামকে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে উদ্ভাবনগুলোর বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেওয়ার কথাও জানান।
প্রধানমন্ত্রীর সরাসরি উৎসাহ ও সহযোগিতার আশ্বাস পাওয়ায় উচ্ছ্বসিত সাজ্জাদুল ইসলাম বলেন, দেশের জন্য কিছু করার স্বপ্ন থেকেই এই গবেষণার শুরু। রাষ্ট্রের সহযোগিতা পেলে উদ্ভাবনগুলোকে শিল্প পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে দেশের মানুষ ও পরিবেশ উভয়ই উপকৃত হয়।