https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজবাড়ীর পাংশা বাজারে ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির গাদায় আগুন দিয়ে ভিমরুলের বাসা পোড়ানোর চেষ্টা করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাজারের দোকানগুলোতে।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদারের দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাহারাম সরদার বলেন, বসতবাড়ি থেকে ছড়িয়ে পড়া আগুনে তার দুটি দোকানসহ আরও তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষীরোদ পাল জানান, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার তার দোকান বন্ধ ছিল। মালামাল কেনার জন্য দোকানে প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে ওই টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।